অনলাইন ডেস্ক
শুক্রবার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের পর বিরাট কোহলি ও ট্রাভিস হেডের মধ্য উত্তেজনা ছড়িয়েছে। হায়দরাবাদে অনুষ্ঠিত ম্যাচ শেষে দুই দল যখন নিয়মিত সৌজন্য বিনিময়ের জন্য সারিবদ্ধ হয়, তখন কোহলি ইচ্ছাকৃতভাবে ট্রাভিস হেডকে এড়িয়ে যান।
ম্যাচ শেষে কোহলি প্রথমে প্যাট কামিন্স এবং অভিষেক শর্মার সঙ্গে হাত মেলান। তবে হেড হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকলেও কোহলি তাকে উপেক্ষা করে পরের খেলোয়াড়ের দিকে এগিয়ে যান। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ম্যাচ চলাকালীনও কোহলি ও হেডের মধ্যে কথা কাটাকাটির দৃশ্য দেখা যায়। যদিও ঠিক কী কারণে দুজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি।
প্লে-অফে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন ২৬ মে ধর্মশালায় কোয়ালিফায়ার-১ ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটান্সের। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ ২৭ মে নিউ চণ্ডীগড়ে এলিমিনেটর ম্যাচ খেলবে।
চতুর্থ প্লে-অফ স্পটের জন্য এখনো লড়াইয়ে রয়েছে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস।