অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন সরকার গঠিত হয়েছে। এবার স্থানীয় সরকার নির্বাচনের পালা। জেলা-উপজেলা পরিষদের পাশাপাশি অপেক্ষা রয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনেরও। আসন্ন এই নির্বাচনে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ৯ নং যাদবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে তরুণ দুই প্রার্থী।
এদের মধ্যে রয়েছেন মহেশপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও একই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. জাফর ইকবাল এবং তরুণ সমাজসেবক এম. জহির রায়হান।
কালের স্বাক্ষী বহনকারী বেতনা নদী তীরে গড়ে ওঠা মহেশপুর উপজেলার সীমান্তবর্তী একটি ঐতিহ্যবাহী অঞ্চল যাদবপুর ইউনিয়ন। কাল পরিক্রমায় যাদবপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
প্রায় ৩০ হাজার লোকের বসবাস করা যাদবপুরে রয়েছে ১৯টি গ্রাম। ইউনিয়নের উত্তরে রয়েছে ১০ নং নাটিমা, পশ্চিমে ৮নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ, পূর্বে চৌগাছা উপজেলা এবং দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ।
তরুণ নেতা মো. জাফর গোপালপুরের সন্তান। ছাত্রজীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই তরুণ তুর্কি মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ ইউনিয়ন গড়তে চান।
আরেক তরুণ নেতা জহির রায়হানের রয়েছে বেশ জনপ্রিয়তা। ইউনিয়নের প্রতিটা গ্রামে সমাজসেবা মূলক কর্মকাণ্ডে তার সুনাম রয়েছে। রাজনৈতিক পরিবারের বেড়ে ওঠা জহির রায়হান শিশু থেকে শুরু করে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছেই প্রিয়মুখ হয়ে উঠেছেন।
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে প্রতিটা গ্রামেই ঘুরছেন তিনি। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন নিয়মিত। এলাকার তরুণ প্রজন্মের জন্য নিরাপদ, সুস্থ ও উন্নত জনপদ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তিনি।