মুরাদনগরে সড়কের দুপাশে দুইশত বৃক্ষ রোপন করেছে তরুণরা
আক্তার হোসেন ভূইয়া ঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরাবাদ–পান্নারপুল সড়কের পায়ব এলাকায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণরা। নিজেদের অর্থায়নে সড়কের দুপাশে চেরিফুলের বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
শনিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে প্রায় দুইশত সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করেন এসব তরুণ। তাদের এই উদ্যোগে পথচারী ও স্থানীয়দের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ।
তরুণদের সঙ্গে কথা বলে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধি করাই তাদের মূল লক্ষ্য। তারা জানান, ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, এ ধরনের উদ্যোগ শুধু পরিবেশ রক্ষাই নয়, সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। তারা তরুণদের এই মহৎ কাজকে সাধুবাদ জানান।
সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে তরুণদের এমন উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।