অনলাইন ডেস্ক
তিন দিন পরই পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। এবারের আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এই তিন দেশে মোট ১০৪টি ম্যাচের মধ্যে ৯৭টিতেই ২৮ ডিগ্রি সেলসিয়াস (৮২.৪°ফারেনহাইট)-এর বেশি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, এই তাপমাত্রা ফুটবলে খেলোয়াড়দের পারফরম্যান্স কমিয়ে দিতে পারে। তবে গরম নিয়ে মোটেও চিন্তিত নন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন।
শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ইংল্যান্ডের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেন কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে চলতি মৌসুমে এটি ছিল তার ৬৭তম গোল। ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে নেমে খেলোয়াড়দের ঘাম ঝরাতে হয়েছে। কেইন স্বীকার করেন, মাঠের অবস্থা কিছুটা ‘আঠালো’ ছিল। তবে বিশ্বকাপে গরম আবহাওয়া নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটাকে তিনি কিছুটা বাড়াবাড়িই মনে করছেন।
কেইন বলেন, ‘সত্যি বলতে গরমটা খুব বেশি খারাপ মনে হয়নি। অবশ্যই আমরা অনুশীলনের মাধ্যমে এর সঙ্গে মানিয়ে নিচ্ছি। প্রথম কয়েকদিনের পর আমার মনে হয়েছে দলের বেশিরভাগ খেলোয়াড়ই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজ মাঠেও পরিস্থিতি খুব একটা খারাপ মনে হয়নি। তাই আমার মনে হয়, এটা এমন একটা বিষয় যেটা নিয়ে হয়তো প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা হচ্ছে।’
ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, দলের প্রস্তুতি যথেষ্ট ভালো হয়েছে, ‘আমরা সবাই পেশাদার অ্যাথলেট। টুর্নামেন্টের জন্য নিজেদের প্রস্তুত করতে আমরা এবং কোচিং স্টাফ সবাই সঠিক কাজগুলো করেছি। প্রথম ম্যাচের আগে আমাদের হাতে আরও প্রায় ১০ দিন সময় আছে। এই পরিবেশে অনুশীলন চালিয়ে যাবো। তাই আমার বিশ্বাস, টুর্নামেন্ট শুরু হলে গরম কোনো ফ্যাক্টর হবে না।’
উচ্চ প্রত্যাশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা কেইন নিজেকে ক্যারিয়ারের সেরা অবস্থানে বলেও মনে করছেন। তিনি বলেন, ‘ইংল্যান্ডের হয়ে খেলা আমার সবচেয়ে প্রিয় কাজ। আমি অসীম গর্ব নিয়ে এই জার্সি পরি, একইভাবে গর্ব নিয়ে অধিনায়কের আর্মব্যান্ডও পরি। সতীর্থ, কোচিং স্টাফ, সমর্থক এবং পুরো দেশের কাছে সঠিক উদাহরণ স্থাপনের চেষ্টা করি।’
কেইন আরও বলেন, ‘আরেকটি বিশ্বকাপে একটি দলের নেতৃত্ব দিতে পারা অবশ্যই বিশেষ অনুভূতি। আমরা অনেক প্রত্যাশা নিয়ে সেখানে যাচ্ছি। আমি শুধু টুর্নামেন্ট শুরু হওয়ার অপেক্ষায় আছি। নিজেকে যতটা ভালো কখনও অনুভব করেছি, এখন ঠিক ততটাই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে বিশ্বকাপটা আর দেরি না করে শুরু হয়ে যাক।’