অনলাইন ডেস্ক
সান মারিনোর বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প।
ক্যাম্পে যোগ দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তবে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনের এই ম্যাচটি নিয়ে দলের সবাই বেশ রোমাঞ্চিত বলে জানান অধিনায়ক।
তিনি বলেন, ‘প্রত্যাশা তো অনেক উঁচুতে। কারণ আমি জানি আমাদের স্কোয়াড অনেক ভালো, অনেক শক্তিশালী। আর এবারই প্রথম আমরা ইউরোপে গিয়ে খেলব। তাই অনুভূতি একটু আলাদা হবে, কারণ সেখানকার আবহাওয়া এশিয়ার চেয়ে আলাদা। সেখানে গেলে কীভাবে মানিতে নিতে হবে, সেটা আমরা খুঁজে বের করবো। তবে এটা আলাদা একটা ম্যাচ হবে। আমরা রোমাঞ্চিত।’
বড় ম্যাচের আগে নতুন কোচের প্রস্তুতির জন্য সময় কম পাওয়া প্রসঙ্গেও কথা বলেছেন জামাল। গত ২৩ মে ঘরোয়া লিগ শেষ হওয়ায় খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন ছিল। মূলত লিগের কারণেই আগে ক্যাম্প শুরু করা সম্ভব হয়নি বলে জানান তিনি। নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগার বিষয়টি স্বাভাবিক উল্লেখ করে জামাল বলেন, আজই নতুন কোচের সঙ্গে তার প্রথমবার দেখা ও আলাপ হবে।
সাবেক কোচ কাবরেরার মেয়াদে নিজের খেলার পর্যাপ্ত সুযোগ না পাওয়া নিয়ে বেশ খোলামেলা উত্তর দিয়েছেন জামাল ভূঁইয়া। কাবরেরা যে তাকে খুব একটা পছন্দ করতেন না বা দলে প্রাধান্য দিতেন না, সেটি সবাই জানত বলে মন্তব্য করেন তিনি। তবে সেই অতীত ভুলে নতুন কোচের অধীনে নতুন উদ্যমে শুরু করতে চান জামাল।
তিনি বলেন, ‘আমি আশা করি... নতুন কোচ, নতুন শুরু। আগের কোচ (কাবরেরা) আমাকে ঠিক পছন্দ করতেন না। এটা সবাই জানতো, সবাই জানে। আশা করি নতুন কোচ, নতুন শুরু, সবকিছু নতুন। সো ওইখানে আমি আমার সেরাটা দেবো।’