আনিসুর রহমান :
চট্টগ্রাম কাস্টমস হাউসের ই-প্রকাশ্য নিলামে বিক্রি করা হবে ৪৭ হাজার ৪৪০ কেজি তাজা আপেল। আগামী ২৬ নভেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। দুটি লটে এসব আপেল বিক্রি করা হবে। প্রতিটি লটে আপেলের পরিমাণ ২৩ হাজার ৭২০ কেজি। প্রতিটি লটের সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৪১ হাজার ৬১৯ টাকা ২১ পয়সা। সে হিসাবে দুটি লটের মোট সংরক্ষিত মূল্য ৯২ লাখ ৮৩ হাজার ২৩৮ টাকা ৪২ পয়সা।
চট্টগ্রাম কাস্টমস হাউসের নিলাম বিভাগের প্রকাশিত বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে ২৬ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে দরপত্র দাখিল করা যাবে। জাতীয় রাজস্ব বোর্ডের ই-অকশন ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা নিলামে অংশ নিতে পারবেন। এ ছাড়া চট্টগ্রাম কাস্টমস হাউসের ওয়েবসাইটেও নিলামসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী ক্রেতারা ২৫ নভেম্বর অফিস চলাকালীন সময়ে নিলামযোগ্য আপেল সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। নিলামে অংশগ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র, টিআইএন সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। পাশাপাশি নির্ধারিত জামানত জমা দিতে হবে।
এবিষয়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার নাজমুল হোসেন বলেন, বন্দরের কার্যক্রমে গতিশীলতা আনা, পণ্যজট নিরসন এবং সরকারি রাজস্ব বৃদ্ধি ও পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ নিলাম আয়োজন করা হয়েছে। স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন হলে একদিকে যেমন সরকারি রাজস্ব আদায় বাড়বে, অন্যদিকে বন্দরের সংরক্ষণ সক্ষমতা ও পণ্য ব্যবস্থাপনাও আরও গতিশীল হবে।