হেলেনা আক্তার :
গাজীপুরে লকডাউনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৮০ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী রয়েছেন। নাশকতার পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও অর্থের জোগানদাতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জিএমপি কমিশনার মো. আশিক সাঈদ। পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম সতর্ক অবস্থানের কারণে নিষিদ্ধ সংগঠনের নাশকতাকারীরা রাস্তায় নামতে পারেনি। গাজীপুরের সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় লকডাউনের কোনো প্রভাব পড়েনি। নাশকতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রয়েছে। শ্রমিক আন্দোলনের নামে সহিংসতার বিষয়ে তিনি বলেন, পোশাকশ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডকে এক করে দেখার সুযোগ নেই। যারা গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে, তাদের বেশির ভাগই নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে জিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মহানগর পুলিশের আটটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে ৯ জন, ছিনতাইকারী পাঁচজন এবং বিভিন্ন নিয়মিত মামলায় ২১ জন রয়েছেন। এদিকে, নাশকতার পরিকল্পনার অভিযোগে বাসন থানা পুলিশ ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক মো. নাহিদ সরকার (৩৩) এবং তাঁর সহযোগী মো. আপনকে (১৮) গ্রেফতার করেছে। পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া এলাকায় আসকর আলী পাম্পের প্রায় ১০০ গজ পূর্ব-দক্ষিণে নাওজোড় ভোগড়া বাইপাসগামী মহাসড়কের সার্ভিস লেনে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির চালকের হেফাজতে কিনলের লেখা একটি বোতলে প্রায় এক লিটার পেট্রোল পাওয়া যায়। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ১৯ নভেম্বরের লকডাউন বাস্তবায়নের উদ্দেশ্যে মহাসড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে মাহিম (১৯) নামে আরও একজন ছিলেন, যিনি বর্তমানে পলাতক। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিরা আরও জানিয়েছেন, আওয়ামী লীগ নেত্রী মাহিয়া মাহির বাসুর আফজাল হোসেন সরকার রিপনের নির্দেশে এবং তাঁদের মালিকানাধীন আসকর আলী পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে তাঁরা রওনা হয়েছিলেন। এ ঘটনায় বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর ৮, ৯(৩), ১০, ১১ ও ১২ ধারায় মামলা করা হয়েছে। পুলিশ প্রাইভেটকার ও পেট্রোলের বোতল জব্দ করেছে।
জিএমপি কমিশনার আরও জানান, নাশকতার পরিকল্পনা, নির্দেশনা ও অর্থায়নের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।