আনিসুর রহমান :
চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) পরিচালনার দায়িত্ব পেয়েছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। আগামী ছয় মাসের জন্য প্রতিষ্ঠানটিকে এ দায়িত্ব দেওয়ার অনুমোদন দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে প্রতিষ্ঠানটি টার্মিনালের কার্যক্রম পরিচালনা করবে। সোমবার মধ্যরাত থেকে দায়িত্ব হস্তান্তর ও কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবালয়ের চবক শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাসনা শারমিন মিথির স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এলাকায় কনটেইনার ও কনটেইনারজাত কার্গো হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডকে ২৪ নভেম্বর (মঙ্গলবার) থেকে ছয় মাসের জন্য অপারেটর হিসেবে নিয়োগের অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।
এবিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, তিন সপ্তাহের জন্য সাইফ পাওয়ারটেককে সিসিটি পরিচালনার সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সোমবার সেই মেয়াদ শেষ হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সম্পদ যাতে অচল পড়ে না থাকে, সে জন্য অল্প সময়ের মধ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এখানে নির্দিষ্ট কাউকে সুবিধা দেওয়ার কোনো বিষয় নেই। নিয়ম অনুযায়ী আগামী ছয় মাস সিসিটি পরিচালনার দায়িত্ব পালন করবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড।
এর আগে সিসিটি পরিচালনার ছয় মাসের দায়িত্ব দিতে গত ১৭ নভেম্বর সীমিত দরপত্র পদ্ধতিতে (এলটিএম) বিজ্ঞপ্তি প্রকাশ করে বন্দর কর্তৃপক্ষ। দরপত্র কেনার শেষ সময় ছিল ১৮ নভেম্বর এবং জমা দেওয়ার শেষ সময় ১৯ নভেম্বর দুপুর ১২টা। মাত্র দুই দিনের এই প্রক্রিয়ায় চারটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। প্রতিষ্ঠানগুলো হলো এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড, বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার, শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড।
দরপত্রে সবচেয়ে কম ৩০ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকা দর প্রস্তাব করে এভারেস্ট পোর্ট সার্ভিসেস। অন্যদিকে বিঅ্যান্ডএম-ওশানিয়া জয়েন্টভেঞ্চার দর দেয় ৪০ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা। দুই প্রতিষ্ঠানের প্রস্তাবিত দরের ব্যবধান ১০ কোটি ২৪ লাখ ৮৩ হাজার টাকা। এভারেস্ট পোর্ট সার্ভিসেসের মালিক লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। প্রতিষ্ঠানটি বর্তমানে চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের (জিসিবি) একটি জেটিতে বার্থ পরিচালনার দায়িত্বে রয়েছে।
তবে দরপত্র আহ্বানের সময়সীমা ও প্রচার নিয়ে আপত্তি তোলে বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন (বোটসোয়া)। সংগঠনটির সভাপতি ফজলে একরাম চৌধুরী অভিযোগ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে দরপত্রের বিষয়ে অবহিত করা হয়নি। ফলে বন্দরে কার্যরত অনেক অপারেটর প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পায়নি।
তিনি বলেন, দরপত্র আহ্বানের খবর তারা পেয়েছেন ১৮ নভেম্বর। অথচ ১৭ নভেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে ১৯ নভেম্বর দরপত্র জমা নেওয়া হয়। এত অল্প সময়ে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে দরপত্রে অংশ নেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, পিপিআরের বিধান অনুযায়ী সীমিত দরপত্র পদ্ধতিতে ১৪ দিন সময় দেওয়ার কথা। সিসিটির মতো গুরুত্বপূর্ণ টার্মিনালের অপারেটর নিয়োগের এমন প্রক্রিয়াকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।
দরপত্রে অংশ নেওয়া চার প্রতিষ্ঠানের মধ্যে দুটি প্রতিষ্ঠানের নিরাপত্তা জামানত জমা না দেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। দরপত্র-সংক্রান্ত তথ্যে দেখা যায়, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড ৪৪ কোটি ১৮ লাখ ৫৬ হাজার টাকা এবং শামীম এন্টারপ্রাইজ ৪২ কোটি ৭১ লাখ ৮৪ হাজার ৪০০ টাকা দর প্রস্তাব করে। তবে প্রতিষ্ঠান দুটি বাধ্যতামূলক ৫০ লাখ টাকার নিরাপত্তা জামানত জমা দেয়নি বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া তাদের কনটেইনার হ্যান্ডলিংয়ের পূর্ব অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন উঠেছে।
দরপত্রে অংশ নিতে না পারার অভিযোগ তুলেছিল দীর্ঘদিন সিসিটি পরিচালনার দায়িত্বে থাকা সাইফ পাওয়ারটেক লিমিটেডও। প্রতিষ্ঠানটি ১৮ নভেম্বর দরপত্রের শিডিউল কেনার জন্য আবেদন করলেও দাপ্তরিক প্রক্রিয়া ও ব্যাংকের লেনদেনের সময়সীমা পার হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে শিডিউল কিনতে পারেনি বলে অভিযোগ করে। পরে বন্দর চেয়ারম্যানের কাছে চিঠি দিয়ে দরপত্রের সময়সীমা ১০ দিন বাড়ানোর অনুরোধ জানালেও তাতে সাড়া মেলেনি।
অন্যদিকে বন্দর কর্তৃপক্ষের দাবি, সীমিত দরপত্র পদ্ধতির আওতায় সরকারি ক্রয়বিধি (পিপিআর) অনুসরণ করেই দরপত্র আহ্বান করা হয়েছে। জমা পড়া প্রস্তাব যাচাই-বাছাইয়ের জন্য বন্দর সদস্যের (প্রকৌশল) নেতৃত্বে সাত সদস্যের মূল্যায়ন কমিটি গঠন করা হয়। মূল্যায়ন প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা হিসেবে এভারেস্ট পোর্ট সার্ভিসেসকে নিয়োগের অনুমোদন চাওয়া হয়। পরে ২৩ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে ছয় মাসের জন্য অপারেটর নিয়োগের অনুমোদন দেয়।
উল্লেখ্য, গত ছয় বছর ধরে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সিসিটি পরিচালনা করে আসছিল দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড। গত ২ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়। নতুন অপারেটর নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় প্রতিষ্ঠানটিকে আরও তিন সপ্তাহ কার্যক্রম চালিয়ে যাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ায় এখন নতুন অপারেটর হিসেবে দায়িত্ব নিচ্ছে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।
সিসিটির জেটির দৈর্ঘ্য ৪৫০ মিটার। এখানে একই সময়ে দুটি জাহাজ থেকে কনটেইনার ওঠানামা করা যায়। বন্দরের কনটেইনার পরিবহনে গুরুত্বপূর্ণ এই টার্মিনাল আগামী ছয় মাস পরিচালনা করবে এভারেস্ট পোর্ট সার্ভিসেস।