অনলাইন ডেস্ক
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়ানো হচ্ছে।
তিনি বলেন, নৈতিক মূল্যবোধের অভাব থেকেই এ ধরনের অপপ্রচার চালানো হয়। এসব অপপ্রচার প্রতিরোধে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সমাজে নৈতিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। আগে অনেক বাবা-মা কম শিক্ষিত হলেও সমাজে নৈতিক শিক্ষার চর্চা ছিল। বর্তমানে মানুষ নানা ক্ষেত্রে এগিয়ে গেলেও নৈতিক শিক্ষার ঘাটতি দেখা দিয়েছে। সেই মূল্যবোধের জায়গা আবার ফিরিয়ে আনতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক শিক্ষায়ও গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বশীল অবস্থানে থাকা ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।