অনলাইন ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার কয়েক ঘণ্টা আগে বড় দুঃসংবাদ পেল ফ্রান্স। উরুর চোটের কারণে গুরুত্বপূর্ণ এই ম্যাচে খেলতে পারবেন না দলের মিডফিল্ডার অরেলিয়াঁ চুয়ামেনি। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ।
ম্যাচপূর্ব শেষ অনুশীলনের সময় চোটে পড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা। তার পরিবর্তে শুরুর একাদশে মানু কোনেকে দেখা যেতে পারে। এর আগে গ্রুপ পর্বে ইরাকের বিপক্ষে চুয়ামেনিকে বিশ্রাম দেওয়া হলে তার জায়গায় খেলেছিলেন কোনেই।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের চার ম্যাচের মধ্যে তিনটিতেই পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন চুয়ামেনি। মাঝমাঠে দলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
দুর্দান্ত ফর্মে থাকা ফ্রান্স গ্রুপ ‘আই’-এর তিনটি ম্যাচেই জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। এরপর রাউন্ড অব ৩২ পর্বে সুইডেনকে ৩-০ গোলে পরাজিত করে শেষ ষোলো নিশ্চিত করে বর্তমান রানার্সআপরা।
এবার কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে প্যারাগুয়ের মুখোমুখি হবে ফরাসিরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায়।