অনলাইন ডেস্ক
বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে লাভ রোডসংলগ্ন তেজগাঁও মহাখালী সড়কে তাদের অবস্থানের কারণে উভয়মুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন হাজারো মানুষ।
পুলিশ ও শ্রমিকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড এবং ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের শ্রমিক ও কর্মচারীরা এ কর্মসূচিতে অংশ নেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে তারা তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনের সড়কে অবস্থান নেন এবং বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, মে মাসের বকেয়া বেতন, ২০২৫ সালের ছুটির অর্থ, এরিয়া বিল, নোটিশ পে এবং অন্যান্য প্রাপ্য দ্রুত পরিশোধ করতে হবে। পাশাপাশি শ্রম আইন অনুযায়ী পরবর্তী ১২০ দিনের বেতন ভাতা এবং শতভাগ সার্ভিস বেনিফিট দেওয়ারও দাবি জানান তারা। প্রাপ্য আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, মামলা বা ভয়ভীতি প্রদর্শন না করার আহ্বানও জানিয়েছেন শ্রমিকরা।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের কর্মকর্তারা জানান, শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য আলোচনা চলছে। পরিস্থিতি স্বাভাবিক করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার (শিল্পাঞ্চল) ইমরান হোসেন বলেন, “শ্রমিকদের সঙ্গে কথা বলা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।”
তেজগাঁও ট্রাফিক বিভাগের কর্মকর্তারাও জানিয়েছেন, লাভ রোড এলাকায় শ্রমিকদের অবস্থানের কারণে তেজগাঁও মহাখালী সড়কের দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব দ্রুত আশপাশের সড়কগুলোতে ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে তাদের সঙ্গে আলোচনা চলছে।
শ্রমিক অসন্তোষ ও সড়ক অবরোধের কারণে রাজধানীর অন্যতম ব্যস্ত এই করিডোরে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকে। অফিসগামী মানুষ ও জরুরি কাজে বের হওয়া যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।