অনলাইন ডেস্ক
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দুটি পিকআপ, মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩১ জন, লালবাগ বিভাগ থেকে ৫৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৭ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৩ জন, মিরপুর বিভাগ থেকে ১২৫ জন, গুলশান বিভাগ থেকে ৩৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৬৫৩ পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন, ৮৬ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল), একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, দুটি পিকআপ, সাতটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ১৭ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।