অনলাইন ডেস্ক
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের উত্তরাঞ্চলগামী পথে। এর প্রভাব পড়েছে যমুনা সেতু ও সিরাজগঞ্জের সংযোগ মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে প্রায় ৪০ হাজার যানবাহন পারাপার হয়েছে। যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। একই সময়ে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা।
সোমবার (২৫ মে) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৯ হাজার ৯১৯টি যানবাহন চলাচল করেছে। এর মধ্যে পূর্ব টোলপ্লাজা দিয়ে উত্তরবঙ্গগামী ২২ হাজার ১১২টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ২৫০ টাকা। পশ্চিম টোলপ্লাজা দিয়ে ১৭ হাজার ৮০৭টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৮০ হাজার ৪০০ টাকা।
সংশ্লিষ্টরা জানান, ঈদের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই গত শুক্রবার বিকেল থেকে সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি অতিরিক্ত টোল বুথ চালু করা হয়েছে।
এদিকে, সোমবার সকাল থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই কোন যানজট। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা চোখে পড়ার মতো। তবে অতিরিক্ত চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের প্রধান সড়ক যোগাযোগ মাধ্যম হওয়ায় ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এ সেতু ও মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এখন পর্যন্ত যাত্রীদের যাত্রা স্বস্তিদায়ক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।