অনলাইন ডেস্ক
বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবাইকে বাঙালি হিসেবে দেখার প্রচলিত ধারণার বাইরে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, “মানচিত্রে যারা বসবাস করি, সবাই বাঙালি নয়।” শনিবার (১৬ মে) সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া তার এই বক্তব্য ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
সিরাজগঞ্জ পৌর এলাকার মুক্তির সোপানে বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশন আয়োজিত “বৈচিত্র্যের ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, পরিচয় ও রাষ্ট্রীয় অবস্থান নিয়ে আলোচনা হয়।
পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর একটি রাজনৈতিক ধারা সবাইকে এক পরিচয়ের মধ্যে আনার চেষ্টা করেছিল। তার দাবি অনুযায়ী, সেই নীতির কারণে পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিনের অস্থিরতার সূত্রপাত হয়, যা এখনো পুরোপুরি নিরসন হয়নি।
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানচিত্রে যারা বসবাস করি, সবাই বাংলাদেশি। এটা একটি বাগানের মতো, যেখানে নানা জাতি, নানা সংস্কৃতি মিলেই দেশের পরিচয় তৈরি করেছে।”
ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়ন প্রসঙ্গে তিনি সরকারের অবস্থান তুলে ধরে বলেন, বর্তমান সরকার সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে কাজ করছে। তিনি রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ টেনে বলেন, “জাতীয়তাবাদকে একটি বাগানের মতো করে দেখলে তবেই বৈচিত্র্যের মধ্যে ঐক্য তৈরি হয়।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
বক্তব্যটি সামাজিক ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে জাতিগত পরিচয় ও রাষ্ট্রীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা নিয়ে ভিন্ন মত সামনে আসছে।