অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সকল মনোনয়ন পেপার সাবমিট করা হয়।
এর আগে, গতকাল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিরোধী দলগুলোর পক্ষ থেকে মনোনয়নপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়ে।
দলভিত্তিক মনোনয়নের হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটটি আসন, এনসিপি দুটি, জাগপা একটি, বাংলাদেশ খেলাফত মজলিস একটি এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন একজন।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন—
কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা বিভাগের সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ, খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, নারীশক্তির সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম, জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
বিরোধী দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, সংরক্ষিত আসনে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক স্তর থেকে প্রতিনিধিত্ব আনার লক্ষ্যেই এ মনোনয়ন দেওয়া হয়েছে।