অনলাইন ডেস্ক
আগামী সপ্তাহে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের প্রস্তুতি হিসেবে শতশত গৃহহীন মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ দাবি করেছে, এটি শহরের পরিচ্ছন্নতা এবং আন্তর্জাতিক ইমেজ রক্ষার জন্য জরুরি।
ফেব্রুয়ারি থেকে ‘কেএল স্ট্রাইক ফোর্স অ্যাক্টিভিটি ওরাং পাপা দান কানাক-কানাক’ অভিযান নামে গৃহহীনদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে এখন পর্যন্ত ৫৪৫ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মধ্যে ১৮০ জন বিদেশি নাগরিক।
কুয়ালালামপুর সিটি হল ও সমাজকল্যাণ দফতরের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযান Bukit Bintang, Masjid Jamek ও Jalan Tuanku Abdul Rahman এলাকায় কেন্দ্রিত, যা আসিয়ান সম্মেলন স্থলের কাছাকাছি অবস্থিত।
ফেডারেল টেরিটরিজ সমাজকল্যাণ দফতের পরিচালক চে সামসুজুকি চে নোহ বলেন, “এই অভিযান দেশের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজন। তবে খাদ্য, পোশাক ও মৌলিক চাহিদা থেকে কাউকে বঞ্চিত করা হয় না।”
তবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অভিযোগ করেছে, এই অভিযান শুধু ‘দেখানোর জন্য’ এবং মূল সামাজিক সমস্যার কোনো সমাধান নয়। তারা বলছে, সম্মেলনের পর গৃহহীনরা আবার রাস্তায় ফিরে আসে এবং তাদের জন্য কোনো টেকসই পুনর্বাসন ব্যবস্থা গ্রহণ করা হয় না।
২৬ থেকে ২৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া আসিয়ান সম্মেলনে বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন। এই কারণে রাজধানীতে ১৬ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
স্থানীয় স্যুপ কিচেন সংস্থার প্রতিনিধি জাস্টিন চিয়া বলেন, “মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে সরানো সমস্যার সমাধান নয়, বরং বাসস্থান, কর্মসংস্থান ও সামাজিক সেবার মাধ্যমে টেকসই সমাধান দরকার।”