অনলাইন ডেস্ক
সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় দেশব্যাপী প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহে ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে গতকাল জারি করা এক জরুরি চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে দেশব্যাপী সব পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আবেদনকারীদের শিক্ষাগত সনদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী ২৯ ও ৩০ জুলাই যাচাই-বাছাই করা হবে।
এরপর ১ আগস্ট ২০২৬ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চিঠিতে তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য কয়েকটি যোগ্যতার শর্তও উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ থাকা, শারীরিকভাবে সক্ষম হওয়া ও স্মার্টফোন ব্যবহারে দক্ষ হওয়া।
পাশাপাশি প্রার্থীদের কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় সক্ষম হতে হবে, যেন ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায়।সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরো বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের জন্য প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন ও মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ পরবর্তী নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার তৈরি হবে, যা ভবিষ্যতে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারি সহায়তা কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।