অনলাইন ডেস্ক
শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলার রায় দেশে ইতিহাস সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।
আগামীকাল রবিবার (৭ জুন) এই মামলার রায় দেওয়া হবে। এই রায় আসামিদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত সাজা কার্যকর দাবি করেছেন রামিসার বাবা।
আজ শনিবার নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল কর্তৃক বাংলাদেশ শিশু নির্যাতন বৃদ্ধি ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কন্যা সন্তানের হত্যার বর্ণনা দিতে গিয়ে অসহায় এই পিতা বলেন, “দেশে কোনো না কোনো আইন করা হয়, কিন্তু তা আর বাস্তবায়ন করা হয় না। তিন ফিটের মধ্যেও আমরা একটি শিশুকে নিরাপত্তা দিতে পারি না।”
ভবিষ্যতে আরও রামিসা ধর্ষিতা হয়ে খণ্ডবিখণ্ড হবে কি না- প্রশ্ন তুলে রামিসার বাবা বলেন, “আমি আব্দুল হান্নান মোল্লা হয়ে থাকতে চেয়েছি। রামিসার গর্বিত বাবা হতে চেয়েছি। কিন্তু এখন আমি ধর্ষিতার পিতা হিসেবে পরিচিত, রাষ্ট্র কি এই দায়ভার?”
রামিসার বাবা আরও বলেন, “এমন একটা অন্তত সমাজব্যবস্থা দেন, যেই ব্যবস্থায় আর কোনো দিন বাবা-মায়ের বুক খালি হবে না। আর কোনো বাবা-মায়ের সারা জীবনের জন্য কান্নার পথ খোলা থাকবে না। সারা জীবন তারা জিন্দা লাশ হয়ে থাকবে না।”
ধর্ষণের শিকার শিশুটির বাবা আরও জানান, ঘটনার ১৩ দিন পরও তাঁর স্ত্রী মানসিক ট্রমায় ভুগছেন। তিনি বলেন, `আমার স্ত্রী কোথায় যায়, কী বলে, নিজেই জানে না। তাকে প্রতিনিয়ত দেখভাল করতে হচ্ছে। সে সুস্থ হবে কি না, আল্লাহই ভালো জানেন।` পাশাপাশি বড় মেয়েকে নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।