অনলাইন ডেস্ক
দরজায় কড়া নাড়ছে ঈদ। আর মাত্র দিন কয়েক পরেই ঈদুল আজহা। এ সময় উৎসবের আনন্দে আলাদা মাত্রা যোগ করে দেশের চলচ্চিত্র অঙ্গন। দিন কয়েক আগেও দু-একটা ছাড়া আর কোনো সিনেমার খোঁজ ছিল না বললেই চলে। তবে শেষ মুহূর্তে এসে একে একে তালিকাভুক্ত হতে শুরু করেছে নতুন সব সিনেমা, প্রকাশ পাচ্ছে পোস্টার, টিজার ও ট্রেলার। এখন পর্যন্ত পাঁচটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে এখন এবার ঈদের সিনেমার পাল্লা খানিকটা ভারী। শুরুতে দর্শক ও সিনেপ্রেমীরা হতাশ থাকলেও এখন তাদের মনে কিছুটা স্বস্তি। সামাজিক মাধ্যমে আসন্ন নতুন সিনেমাগুলোর লুক, দৃশ্য ও তারকাদের নিয়ে চলছে সবিস্তর আলোচনা। তবে এবার প্রেক্ষাগৃহে আদতে কতগুলো সিনেমা দেখতে পাবেন দর্শক, তা নিয়েই এখনও কিছুটা রয়েছে কৌতূহল।
ঈদের আনন্দ বাড়াতে বড় পর্দায় ঝড় তুলতে আসছে মেগাস্টার শাকিব খানের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। শেষ খবর পাওয়া পর্যন্ত, আজমান রুশো পরিচালিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি মুক্তিতে নেই কোনো বাধা। বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ’ (U) সার্টিফিকেট পেয়েছে এটি। পোশটার-টিজার প্রকাশের পর এখন চলছে শেষ সময়ের প্রচারণা। জানা গেছে, এক রকস্টারের উত্থান-পতনের গল্প এখানে ফুটে উঠবে। এই সিনেমায় শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। এই মুহূর্তে ঈদের সিনেমার ভিড়ে সবচেয়ে আলোচনায় আছে ‘রকস্টার’।
ঈদে মুক্তির দৌড়ে সমানে পাল্লা দিচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় জুটি বেঁধেছেন আরেফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এই সিনেমাটির সদ্য প্রকাশিত দুটি পোস্টার ও অফিসিয়াল ট্রেলার দর্শকদের মাঝে বেশ সাড়া তুলেছে। ট্রেলারে ক্ষমতা ও আধিপত্যের লড়াইয়ের নানা ইঙ্গিত পাওয়া গেছে। মায়ের সম্মান ও অধিকার রক্ষার লড়াই করতে গিয়ে অপরাধ জগতের ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠার গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় অ্যাকশনের পাশাপাশি রয়েছে দারুণ আবেগ ও সম্পর্কের টানাপোড়েন।
‘হাওয়া’ খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমাটি নিয়েও দর্শকদের মাঝে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। নাজিফা তুষি, মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ অভিনীত এই সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হওয়ার পর এবার দেশের দর্শকদের সামনে আসছে। সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রাম নিয়ে তৈরি হয়েছে এর গল্প। ট্রেলারের পাশাপাশি সিনেমাটির ‘রইদে আইলা গা জুড়াইতে’, ‘মন ছাড়া কি’ এবং ‘রহে না’ শিরোনামের তিনটি গান প্রকাশের পর থেকে বিভিন্ন কনসার্ট ও প্রচারণায় বেশ সরব রয়েছে পুরো টিম।
কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসছে কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময় নারী ‘বনলতা সেন’। সরকারি অনুদানপ্রাপ্ত মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই সিনেমায় জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার এবং বনলতা সেন হিসেবে দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির অন্যান্য চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী প্রমুখ।