অনলাইন ডেস্ক
নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠন ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত রয়েছে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।