অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেই দুর্দান্ত ধারাবাহিকতা দেখানো কনর এস্তেহেইজেন এবার ডাক পেলেন আইপিএলে।
দক্ষিণ আফ্রিকান টপ অর্ডার ব্যাটসম্যানকে চুক্তিভুক্ত করল গুজরাট টাইটান্স। আঙুলের চোটে আইপিএল থেকে ছিটকে গেছেন ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন। তাকে নিলাম থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট। তার জায়গায় ২৪ বছর বয়সী এস্তেহেইজেনকে নিল ফ্র্যাঞ্চাইজিটিই।
৭৫ লাখ রুপিতে এস্তেহেইজেনকে নেওয়ার কথা শুক্রবার জানিয়েছে গুজরাট। গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পথচলা শুরু করেন এস্তেহেইজেন। অভিষেকে অপরাজিত ৪৫ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন তিনি।
সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে যথাক্রমে ৫৭ ও ৭৫ রানের ইনিংস খেলেন এস্তেহেইজেন। কিউইদের ৩-২ ব্যবধানে হারানো পাঁচ ম্যাচের সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালস ও এমআই কেপ টাউনের হয়ে খেলেছেন এস্তেহেইজেন। আইএলটি-টোয়েন্টিতে আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতাও আছে তার। এবার আইপিএলে খেলার হাতছানি এই ক্রিকেটারের সামনে।