অনলাইন ডেস্ক
কলমের মতো দেখতে কিন্তু প্রাণঘাতী— এমন অত্যাধুনিক গোপন অস্ত্র ‘পেন গান’ রাজধানীর সন্ত্রাসীদের হাতে পৌঁছে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই অস্ত্রের বিস্তার রোধে এবং অপরাধ দমনে ডিএমপির সব ইউনিটকে বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মাসিক ক্রাইম কনফারেন্সে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সব ইউনিটকে এই অস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘এই গোপন অস্ত্র দিয়ে যেন কোনো অপরাধ সংঘটিত হতে না পারে, সে বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে।’ পাশাপাশি নতুন ধরনের অপরাধ নিয়ন্ত্রণের কৌশল নিয়েও কাজ করার নির্দেশ দেন তিনি।
তদন্তে জানা গেছে, গত ৪ এপ্রিল রাজধানীর কোতোয়ালি থানার প্রসন্ন পোদ্দার লেনে যুবদল সদস্য রাসেলকে লক্ষ্য করে এই ‘পেন গান’ দিয়ে গুলি চালায় সায়মন নামে এক সন্ত্রাসী। দোকান নিয়ে বিরোধের জেরে রাসেলের বুকে কলম সদৃশ এই অস্ত্র দিয়ে গুলি করা হয়। পরবর্তী সময় গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে শুটার সায়মন ও তার সহযোগী সোহেল ওরফে কাল্লুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জে অভিযান চালিয়ে একটি সিগারেটের প্যাকেটের ভেতর পলিথিনে মোড়ানো ৫টি টুকরো উদ্ধার করে ডিবি। সেই টুকরোগুলো জোড়া দিয়েই তৈরি হয় একটি পূর্ণাঙ্গ ‘পেন গান’।
গোয়েন্দারা বলছেন, ‘এটি দেখতে সাধারণ কলমের মতো হলেও এর কার্যক্ষমতা অত্যাধুনিক পিস্তলের মতো, যা হাই-প্রোফাইল টার্গেট কিলিংয়ে ব্যবহৃত হয়।’
বিশ্বের বিভিন্ন দেশের গোপন এজেন্টরা যে ধরনের মারণাস্ত্র ব্যবহার করে, তা বাংলাদেশের সন্ত্রাসীদের হাতে কিভাবে পৌঁছাল, তা নিয়ে খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রতিবেশী দেশ থেকে এই অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢুকেছে। এই চক্রের শেকড় খুঁজে বের করতে ঢাকা মহানগরীর প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে।