অনলাইন ডেস্ক
সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশে ফিরেছেন ৬৪ হাজার ১৬৩ জন হাজি। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ১৭০টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
এদিকে হজ পালনের উদ্দেশে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী। মক্কায় ৩৭, মদিনায় ১৬ ও জেদ্দায় একজনের জনের মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৪ হাজার ১৬৩ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৯ হাজার ৮৪৪ জন রয়েছেন। এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৯টি এবং ফ্লাইনাস ২২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪১৫ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ১০ জন হাজি বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।