অনলাইন ডেস্ক
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ বলেছেন, একসময় আইনজীবীরা সংসদে যেতেন। কিন্তু এখন ব্যবসায়ীরা যাচ্ছেন সংসদে, ব্যবসায়ীরা গেলে তারা নিজস্ব স্বার্থ দেখে, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।
শনিবার (৯ মে) বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদের প্রতিষ্ঠা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইনজীবী মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্টে দেখা যাচ্ছে কোন জজকে কে নিয়োগ দিয়েছে, তার কোর্টে গেলে ভালো হয়।
উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে চার-পাঁচ মিলিয়ন মামলা পেন্ডিং আছে। আমাদের দেখতে হবে যারা বিচারপ্রার্থী তারা ন্যায়বিচারটা পাচ্ছে কি না?
এই সংগঠন অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। প্রত্যেকে ব্যক্তিগতভাবে রাজনীতি করতে পারবে। কারণ এর আগে যেসব পার্লামেন্ট হয়েছে বা ব্রিটিশ আমলে অ্যাসেম্বলি হয়েছে, সেখানে বেশিরভাগ আইনজীবীরা গিয়েছেনে। কারণ আইনজীবীরাই জানে কীভাবে আইন প্রণয়ন করতে হবে। কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা ধ্বংস হয়ে গেছে। ব্যবসায়ীরা এখন যাচ্ছে। ব্যবসায়ীরা গেলে তারা নিজস্ব স্বার্থ দেখে, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।
আইনজীবী সমিতিগুলো বিভক্ত হয়ে গেছে উল্লেখ করে মহসিন রশিদ বলেন, আইনজীবী সংগঠনগুলো বিভক্ত হয়ে গেছে। তাই রাজনীতির বাইরে গিয়ে আইনজীবীদের নিয়ে এই সংগঠন কাজ করবে। যেখানে আইনজীবীদের স্বার্থ, ইনসাফ ও ন্যায়বিচার প্রাধান্য পাবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিনের পরিচালনায় করেন।
তিনি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথের পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা বার্তা পড়ে শুনান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক আজাদ। এরপর বিভিন্ন জেলা বার থেকে আয়োজিত প্রতিনিধিরা নিজেদের মতামত তুলে ধরেন।