অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এই নৃশংস ঘটনায় বিচার নিশ্চিত দেখতে চায় বাংলাদেশ। তার ভাষায়, “আমরা চাই যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ দ্রুত তদন্ত শেষ করে দায়ীদের বিচারের আওতায় আনুক।”
তিনি জানান, ওয়াশিংটনে বাংলাদেশ মিশন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে যোগাযোগ চলছে। নিহতদের দুই পরিবারের সঙ্গেও সরকার সরাসরি কথা বলছে। লিমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া দ্রুত সম্পন্নের চেষ্টা চলছে। এতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ও সহযোগিতা করছে।
শামা ওবায়েদ বলেন, “আমরা সব ধরনের সহায়তা দিচ্ছি। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ব্যবস্থা নেওয়া হবে।” বৃষ্টির বিষয়ে প্রয়োজনীয় সহায়তাও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই ঘটনা শুধু একটি ফৌজদারি তদন্তের বিষয় নয়, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা প্রশ্নও সামনে এনেছে। সে কারণেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে ঢাকা।
ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সেনেগালের ডাকার আন্তর্জাতিক ফোরামে অংশগ্রহণের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, আফ্রিকার দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে সফরটি ইতিবাচক অগ্রগতি এনেছে। সেনেগাল ও অ্যাঙ্গোলার সঙ্গে জ্বালানি সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
তার ভাষায়, “আফ্রিকা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল। ভবিষ্যতে যোগাযোগ আরও বাড়বে।”
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এমভি জয়যাত্রাসহ বাংলাদেশি জাহাজ নিরাপদে রুট পার হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।