অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, আমরা দেখেছি- অতীতের সরকার ভোট চুরি করত; কিন্তু এই সরকার ভোট হওয়ার পরে ফলাফল চুরি করেছে। তারা একটা ভোটে সরকার গঠন করেছেন, কিন্তু সরকার গঠন করে আর একটা ভোটকে অস্বীকার করছেন। আমরা দেখেছি, ৭০% মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তার নির্বাচনি প্রচারণায় ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন, তিনিও তার নির্বাচনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।
রবিবার রাতে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান সভাপতিত্বে ও সদস্য সচিব নাছিমদৌল্লাহ হিরু সঞ্চালনায় এ পথসভা হয়।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা পড়েছিলাম- ‘পথিক তুমি পথ হারিয়েছ’। এখন দেখি, বিএনপি তার পথ হারিয়েছে। কৃষ্ণনগরের এক রাজা তার মন্ত্রীর কুপরামর্শে পতন হয়েছিল, বিএনপির সরকারও তেমনি কিছু মন্ত্রীর কুপরামর্শে পথ হারানোর উপক্রম হয়েছে। এই সরকার যদি মনে করে, তারা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে স্থান নিবে- তাহলে জনগণের বিকল্প হতে সময় লাগবে না।
তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যে ঝুঁকির মধ্যে পড়ছে। মনে রাখতে হবে- মাথা যদি পচা শুরু করে সেই মাথা পচা থেকে লেজ বাঁচে না। এই মাথা পচা যে শুরু হয়েছে- এর দায় সরকারকে নিতে হবে।
এনসিপির এই সংসদ সদস্য বলেন, প্রিয় নেছারাবাদবাসী, আমরা দেখতে পেলাম এই সরকার আসার পরে ইরান যুদ্ধের অজুহাত দেখিয়ে জ্বালানি তেলের যে মূল্য বৃদ্ধি করেছে- সেই জ্বালানি তেলের মূল্য আর কমানোর ব্যবস্থা করা হয়নি। এই সরকার আসার পর থেকে লোডশেডিংয়ের মাত্রা এমন পর্যায়ে গেছে- গ্রামেগঞ্জে এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে, বেশি সময়ই থাকে না। সরকার ইলেকট্রিসিটির বদলে গ্রামের মানুষের হাতে হারিকেন এবং মোমবাতি ধরিয়ে দিয়েছে।
তিনি বলেন, প্রিয় নেছারাবাদবাসী, সরকার দ্রব্যমূল্যের লাগামহীন নিয়ন্ত্রণ আনতে পারছে না- বাজারে বাজারে অস্বস্তি। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কথা বলে ইতিমধ্যে আমরা দেখতে পারছি অন্য জিনিসের দাম বেড়ে চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সংরক্ষিত নারী সংসদ সদস্য মাহমুদা আলম মিতু, এনসিপি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।